বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন বা ডিশ সংযোগ একসময় ছিল তথ্য ও বিনোদন গ্রহণের প্রধান মাধ্যম। নব্বইয়ের দশকে কেব্ল অপারেটরদের নেটওয়ার্ক বিস্তারের ফলে দেশের শহর ও মফস্সলের লাখো পরিবার বিদেশি ও দেশীয় টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ পায়। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে সেই ব্যবসায়িক ও প্রযুক্তিগত বাস্তবতা এখন আমূল বদলে যাচ্ছে। প্রশ্ন হলো যখন একটিমাত্র ফাইবার সংযোগ দিয়েই ইন্টারনেট, টেলিভিশন ও টেলিফোন সেবা পাওয়া সম্ভব, তখন আলাদা ডিশ লাইনের প্রয়োজন কতটা?
প্রচলিত কেব্ল টিভি–ব্যবস্থা মূলত একমুখী সম্প্রচারভিত্তিক। একটি হেডএন্ড থেকে সিগন্যাল পাঠানো হয়, গ্রাহক তা গ্রহণ করেন। এই নেটওয়ার্কে ইন্টারনেট বা ইন্টারঅ্যাকটিভ সেবা যুক্ত করতে অতিরিক্ত অবকাঠামো প্রয়োজন হয়। অন্যদিকে আধুনিক ফাইবার টু দ্য হোম নেটওয়ার্ক ডেটা পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। ফলে একই অপটিক্যাল ফাইবারে উচ্চগতির ইন্টারনেট, আইপিটিভি ও ভয়েস ওভার আইপি (ভিওআইপি) সেবা একসঙ্গে দেওয়া যায়। আন্তর্জাতিকভাবে এই মডেলকে বলা হয় ‘ট্রিপল প্লে’।

বিশ্বজুড়ে টেলিযোগাযোগ খাতে ট্রিপল প্লে নতুন কোনো ধারণা নয়। বহু বছর ধরেই বিভিন্ন দেশে ফাইবারভিত্তিক নেটওয়ার্কে একই সংযোগের মাধ্যমে ইন্টারনেট, টেলিভিশন ও টেলিফোন সেবা দেওয়া হচ্ছে। প্রযুক্তিটির মূল শক্তি হলো নেটওয়ার্ক কনভার্জেন্স বা একীভূত অবকাঠামো। অর্থাৎ, আলাদা তিনটি নেটওয়ার্ক পরিচালনার পরিবর্তে একটিমাত্র ডিজিটাল অবকাঠামো থেকেই সব সেবা সরবরাহ করা যায়।
বাংলাদেশেও গত এক দশকে ফাইবারভিত্তিক ব্রডব্যান্ড নেটওয়ার্কের ব্যাপক বিস্তার ঘটেছে। দেশের অধিকাংশ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান জিপিওএন প্রযুক্তিনির্ভর ফাইবার নেটওয়ার্ক পরিচালনা করছে। এই প্রযুক্তিগত কাঠামো ট্রিপল প্লে সেবা চালুর জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করে দিয়েছে। অর্থাৎ, প্রযুক্তিগত দিক থেকে দেশের অনেক এলাকাতেই একই সংযোগে ইন্টারনেট, টেলিভিশন ও ভয়েস সেবা দেওয়ার সক্ষমতা ইতিমধ্যে বিদ্যমান।
বাস্তবে টেলিভিশন দেখার অভ্যাসও বদলে যাচ্ছে। একসময় টেলিভিশন ছিল সম্প্রচারের একমাত্র মাধ্যম। এখন স্মার্ট টেলিভিশন, স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার একই সঙ্গে ভিডিও দেখার মাধ্যম হয়ে উঠেছে। দর্শক শুধু নির্দিষ্ট সময়ের অনুষ্ঠান দেখতে চান না; বরং তাঁরা চাহিদামতো আধেয় বা কনটেন্ট দেখতে চান। এই পরিবর্তনের ফলে আইপিটিভি, ভিডিও অন ডিমান্ড এবং ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। আইপিটিভির মাধ্যমে টেলিভিশন সেবা সরাসরি ইন্টারনেট নেটওয়ার্কে পৌঁছে দেওয়া যায়, যেখানে স্যাটেলাইট ডিশ বা প্রচলিত কেবল অবকাঠামোর প্রয়োজন পড়ে না।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ট্রিপল প্লে মডেল বেশি কার্যকর। একই অবকাঠামো ব্যবহার করায় নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমে। নতুন সেবা চালু করতে আলাদা কেব্ল বসানো বা পৃথক নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন হয় না। ফলে সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহক—উভয় পক্ষই লাভবান হতে পারে।
তবে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেই ট্রিপল প্লে সেবা বাস্তবায়ন সম্ভব নয়। এর সঙ্গে জড়িত রয়েছে লাইসেন্সিং কাঠামো, সম্প্রচার নীতিমালা, কনটেন্ট অধিকার, রাজস্ব ভাগাভাগি এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিগত সিদ্ধান্ত। বাংলাদেশের বর্তমান নীতিগত কাঠামোতে সম্প্রচার, টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা এখনো অনেকাংশে পৃথক খাত হিসেবে পরিচালিত হয়। ফলে প্রযুক্তি প্রস্তুত থাকলেও নীতিগত সমন্বয় ছাড়া পূর্ণাঙ্গ ট্রিপল প্লে বাস্তবায়ন সহজ নয়।
কিন্তু দীর্ঘ মেয়াদে বাজারের গতিপ্রকৃতি স্পষ্ট। বিশ্বের অধিকাংশ দেশে টেলিযোগাযোগ, সম্প্রচার এবং ডিজিটাল কনটেন্ট ধীরে ধীরে একই প্ল্যাটফর্মে একীভূত হচ্ছে। গ্রাহক এখন আলাদা ডিশ সংযোগ, আলাদা টেলিফোন লাইন এবং আলাদা ইন্টারনেট সংযোগের পরিবর্তে একটি সমন্বিত সেবা চান। সেই চাহিদা পূরণের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো ফাইবারভিত্তিক ট্রিপল প্লে নেটওয়ার্ক।
তাই ভবিষ্যতে ডিশ সংযোগ থাকবে কি থাকবে না, প্রশ্ন সেটি নয়; বরং প্রশ্ন হলো, নীতিনির্ধারকেরা কত দ্রুত ট্রিপল প্লে সার্ভিসের অনুমোদন দেবে। কারণ, প্রযুক্তির বিবর্তন বলছে, বর্তমানে ঘরে কোনো আলাদা ডিশ লাইন থাকে না; থাকে শুধু একটি ফাইবার সংযোগ। আর সেই একটি সংযোগেই ইন্টারনেট, টেলিভিশন, টেলিফোন এবং ভবিষ্যতের আরও বহু ডিজিটাল সেবার প্রবেশদ্বার।
একসময় টেলিভিশন মানেই ছিল চারকোনা বাক্স। এখন টেলিভিশন হলো অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভি বা স্মার্ট টিভি। আর এসব টিভি চালু করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে ইন্টারনেট। সেই বাস্তবতায় বলা যায়, ডিশ সংযোগের যুগ শেষ না হলেও তার একক আধিপত্যের যুগ নিঃসন্দেহে শেষের পথে।
ট্রিপল প্লে প্রযুক্তি: টেলিভিশন–শিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
বাংলাদেশের টেলিভিশন–শিল্প দীর্ঘদিন ধরে কিছু কাঠামোগত সমস্যার মুখোমুখি। দর্শকসংখ্যা পরিমাপে সীমাবদ্ধতা, চ্যানেলে নম্বরভিত্তিক প্রতিযোগিতা, বিদেশি কনটেন্টের সঙ্গে অসম প্রতিদ্বন্দ্বিতা এবং প্রবাসী দর্শকের কাছে কার্যকরভাবে পৌঁছাতে না পারা—এসব চ্যালেঞ্জ এখনো শিল্পটির বিকাশে বাধা হয়ে রয়েছে। এই বাস্তবতায় ট্রিপল প্লে প্রযুক্তি একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান হিসেবে বিবেচিত হতে পারে।
বর্তমানে দেশে প্রায় দেড় কোটি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক রয়েছেন, বাস্তবতায় যার ব্যবহারকারীর সংখ্যা আড়াই থেকে তিন কোটি। ইন্টারনেটভিত্তিক ট্রিপল প্লে সেবার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি এই বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাবে। এতে সম্প্রচারব্যবস্থার পরিধি যেমন বাড়বে, তেমনি দর্শকের জন্যও কনটেন্ট গ্রহণ আরও সহজ হবে।
ডিশ বা কেব্ল টেলিভিশন–ব্যবস্থায় চ্যানেল নম্বর নিয়ে যে প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে, ট্রিপল প্লে প্রযুক্তি সেই সমস্যারও সমাধান দিতে পারে। এখানে দর্শক কোনো নির্দিষ্ট নম্বর নয়; বরং একটি ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেলের নাম দেখে নিজের পছন্দের চ্যানেল নির্বাচন করতে পারেন। ফলে চ্যানেলগুলোর মধ্যে কৃত্রিম সুবিধা বা অসুবিধার সুযোগ কমে আসে এবং প্রতিযোগিতা স্থানান্তরিত হয় কনটেন্টের মানে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রযুক্তি টিআরপি–ব্যবস্থায় স্বচ্ছতা ও নির্ভুলতা আনতে পারে। বর্তমানে সীমিত নমুনাভিত্তিক পরিমাপের ওপর নির্ভর করে দর্শকসংখ্যার হিসাব করা হয়। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেক দর্শকের ব্যবহারসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা সম্ভব। এর ফলে প্রকৃত দর্শক আচরণ, অনুষ্ঠান পছন্দ এবং দেখার সময় সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। বিজ্ঞাপনদাতা, সম্প্রচারক ও নীতিনির্ধারক—সবার জন্যই এটি হবে অধিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি।
একই সঙ্গে দর্শকের বয়স, লিঙ্গ ও কনটেন্ট পছন্দের তথ্য বিশ্লেষণ করে টেলিভিশন চ্যানেলগুলো আরও মানসম্মত ও লক্ষ্যভিত্তিক অনুষ্ঠান তৈরি করতে পারবে। দেশীয় কনটেন্টের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বিদেশি, বিশেষ করে ভারতীয় চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করাও সহজ হবে।
ট্রিপল প্লে প্রযুক্তির আরেকটি বড় সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে আইপি স্ট্রিমিংয়ের মাধ্যমে সহজেই দেশীয় চ্যানেল ও সংস্কৃতি পৌঁছে দেওয়া সম্ভব। এর ফলে শুধু দর্শকসংখ্যাই বাড়বে না; বরং নতুন বিজ্ঞাপন ও আয় বৃদ্ধিকারী বাজারও তৈরি হবে।
ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের পথে সম্প্রচার খাতকেও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। ট্রিপল প্লে প্রযুক্তি সেই রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তাই টেলিভিশন চ্যানেলের মালিক, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে ইতিবাচক সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে এ প্রযুক্তি গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এতে দেশের টেলিভিশন–শিল্প আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী হয়ে উঠবে।
ওটিটি: টেলিভিশন দেখার নতুন বাস্তবতা
বিশ্বজুড়ে টেলিভিশন–শিল্প দ্রুত স্যাটেলাইট ও কেব্ল–নির্ভর মডেল থেকে ইন্টারনেটভিত্তিক মডেলে রূপান্তরিত হচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম, যা প্রচলিত সম্প্রচারব্যবস্থাকে পাশ কাটিয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দর্শকের কাছে কনটেন্ট পৌঁছে দেয়।
একসময় দর্শককে চ্যানেলের সময়সূচি মেনে চলতে হতো, এখন কনটেন্টকেই দর্শকের সময় ও পছন্দ অনুযায়ী হাজির হতে হচ্ছে। অন-ডিমান্ড ভিডিও, লাইভ স্ট্রিমিং এবং ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট অভিজ্ঞতা আজকের নতুন বাস্তবতা। স্মার্টফোন, স্মার্ট টিভি এবং উচ্চগতির ইন্টারনেটের প্রসারের ফলে বাংলাদেশেও এ পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে।
ওটিটি–শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি। কারণ, ওটিটি প্ল্যাটফর্মের নিজস্ব কোনো অ্যাকসেস নেটওয়ার্ক নেই; তারা সম্পূর্ণভাবে আইএসপি ও মোবাইল অপারেটরদের অবকাঠামোর ওপর নির্ভরশীল। ফলে ব্রডব্যান্ডের বিস্তার যত বাড়বে, ওটিটি–শিল্পও তত দ্রুত বিকশিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে আইএসপি ও ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে ইতিমধ্যে শক্তিশালী ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে উঠেছে। কোথাও ইন্টারনেট প্যাকেজের সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন যুক্ত হচ্ছে, আবার কোথাও আইএসপিগুলো নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে। বাংলাদেশেও সেই সম্ভাবনা ক্রমেই বাস্তব হয়ে উঠছে।
প্রযুক্তিগতভাবে আইএসপিদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ফাইবারভিত্তিক ডিজিটাল নেটওয়ার্ক। একই সংযোগের মাধ্যমে ইন্টারনেট, আইপিটিভি, ভিডিও স্ট্রিমিং এবং অন্যান্য ডিজিটাল সেবা প্রদান সম্ভব। ফলে ভবিষ্যতের টেলিভিশন সেবা কেব্ল অপারেটরের চেয়ে আইএসপিদের নেটওয়ার্কেই বেশি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। বাস্তবতা হলো, আগামী দিনের টেলিভিশন আর চ্যানেল নম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি হবে একটি ইন্টারনেটভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্মের প্রধান অবকাঠামোগত ভিত্তি হবে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। তাই ট্রিপল প্লে শুধু নতুন প্রযুক্তি নয়; বরং টেলিভিশন–শিল্পের পরবর্তী বিবর্তন হিসেবে দেখা উচিত, যেখানে আইএসপিরাই হয়ে উঠতে পারে ডিজিটাল সম্প্রচারব্যবস্থার মূল চালিকাশক্তি।
বাংলাদেশে ট্রিপল প্লে প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অনেক আগেই গড়ে উঠেছে। কিন্তু পুরোনো লাইসেন্সিং কাঠামো, প্রযুক্তিভিত্তিক বিভক্ত নীতিমালা এবং সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতার কারণে দেশের কোটি কোটি গ্রাহক বিশেষ করে প্রান্তিক গ্রাহক সহজ ও সাশ্রয়ী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নীতিনির্ধারণ ও বাস্তবায়নপ্রক্রিয়াকে আরও সমন্বিত করা জরুরি। এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রমকে একটি অভিন্ন নীতিগত কাঠামোর আওতায় আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বর্তমানে এসব খাত একাধিক মন্ত্রণালয় ও বিভাগের অধীনে পরিচালিত হওয়ায় অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের ঝুঁকি তৈরি হয়। একটি সমন্বিত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা গেলে নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে পদ্ধতিগত জটিলতা কমবে, পাশাপাশি দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণও সহজ হবে।
মোহাম্মদ আমিনুল হাকিম: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি







