ফিটনেসপ্রেমী ও দৌড়বিদদের জন্য নতুন তিনটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান গারমিন। নতুন সিরিজে রয়েছে গারমিন ফররানার ৭০, গারমিন ফররানার ১৭০ এবং গারমিন ফররানার ১৭০ মিউজিক। উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং নির্ভুল লোকেশন ট্র্যাকিংয়ের মতো একাধিক আধুনিক ফিচার নিয়ে ভারতের বাজারে এসেছে ডিভাইসগুলো।

তিনটি মডেলেই রয়েছে ১.২ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০×৩৯০ পিক্সেল। ব্যবহারকারীরা চাইলে অলওয়েজ অন ডিসপ্লে মোডও চালু রাখতে পারবেন। পাশাপাশি ৫ ATM ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় বৃষ্টি, ঘাম কিংবা সাঁতারের সময়ও ঘড়িগুলো ব্যবহার করা যাবে।

স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য গারমিন যুক্ত করেছে তাদের এলিভেট রিস্ট-বেসড হার্ট রেট মনিটর এবং পালস ওএক্স সেন্সর, যা রক্তের অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) পরিমাপ করতে সক্ষম। এছাড়া ঘুমের মান বিশ্লেষণ, স্ট্রেস ট্র্যাকিং, বডি ব্যাটারি এনার্জি মনিটরিং, মনিটরিং রিপোর্ট এবং হেলথ স্ট্যাটাস মনিটরিং-এর মতো ফিচারও রয়েছে।

আরও পড়ুন

স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?

ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ঘড়িগুলোতে দৌড়, সাইক্লিং, সাঁতার, যোগব্যায়াম, জিম ও স্ট্রেন্থ ট্রেনিংসহ বিভিন্ন ধরনের স্পোর্টস মোড দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা গারমিন কোচ-এর সাহায্যে দৌড়, সাইক্লিং বা ফিটনেসের জন্য ব্যক্তিগত প্রশিক্ষণ পরিকল্পনাও অনুসরণ করতে পারবেন।

লোকেশন ট্র্যাকিংয়ের জন্য তিনটি মডেলেই রয়েছে জিপিএস, গ্লোনাস এবং গ্যালিলিও স্যাটেলাইট সাপোর্ট। ফলে আউটডোর রানিং বা ট্রেকিংয়ের সময় আরও নির্ভুল অবস্থান নির্ধারণ করা সম্ভব হবে। ফররানার ১৭০ এবং গারমিন ফররানার ১৭০ মিউজিক মডেলে অতিরিক্তভাবে বারোমেট্রিক অলটিমিটার ও থার্মোমিটার যুক্ত করা হয়েছে।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও নতুন সিরিজটি বেশ শক্তিশালী। ফররানার ৭০ স্মার্টওয়াচ মোডে একবার চার্জে সর্বোচ্চ ১৩ দিন এবং ব্যাটারি সেভার মোডে ২৮ দিন পর্যন্ত চলতে পারে। শুধু জিপিএস ব্যবহার করলে এটি প্রায় ২৩ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

অন্যদিকে ফররানার ১৭০ এবং ফররানার ১৭০ মিউজিক স্মার্টওয়াচ মোডে ১০ দিন, ব্যাটারি সেভার মোডে ১৯ দিন এবং জিপিএস মোডে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় মডেল ফররানার ১৭০ মিউজিক। এতে রয়েছে ৪ জিবি বিল্ট-ইন স্টোরেজ, যেখানে ব্যবহারকারীরা সমর্থিত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে প্লেলিস্ট ডাউনলোড করে রাখতে পারবেন। ফলে দৌড়ানো বা ব্যায়ামের সময় ফোন ছাড়াই সরাসরি ঘড়ি থেকে গান শোনা যাবে। এছাড়া সংযুক্ত স্মার্টফোনের মিউজিকও এই ঘড়ি থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

ভারতের বাজারে গারমিন ফররানার ৭০-এর দাম রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ রুপি। ফররানার ১৭০ পাওয়া যাবে ৩৯ হাজার ৪৯০ রুপিতে, আর গারমিন ফররানার ৭০ মিউজিক কিনতে খরচ হবে ৪৫ হাজার ৯৯০ রুপি। গারমিনের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম ও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে স্মার্টওয়াচগুলো পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে