কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ্ আলম খন্দকার। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাকে বিকাল ৫টার মধ্যে কারাগারে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্যারোলে মুক্তি নিয়ে বেলা পৌনে ৩টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া জামে মসজিদ মাঠে শাহ্ আলম মায়ের জানাজায় অংশ নেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক এক মামলায় গ্রেফতার শাহ্ আলমকে কয়েকদিন আগে তার মা হালিমা বেগম কারাগারে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হালিমা সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে প্যরোলে মুক্তি দেন। পরে পুলিশ পাহারায় আখাউড়া উপজেলার নুরপুর লামারবাড়ি গ্রামে জানাজায় অংশ নিতে আনা হয় তাকে।
শাহ্ আলম বলেন, ক’দিন আগে কারাগারে আমাকে দেখতে গিয়ে মা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত ওসি জাবেদ উল ইসলাম যুগান্তরকে বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তার মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।








