প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিকল্পনা রয়েছে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্য ও উসকানিমূলক প্রচারণায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না। অর্থের জোরে কয়েকজনকে দিয়ে কিছু করানোর চেষ্টা থাকতে পারে। কিন্তু এ দেশে বড় ধরনের কোনো অস্থিতিশীলতা সৃষ্টির সক্ষমতা বা নৈতিক শক্তি আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত। আদালত যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, তাহলে দলটি আবার কর্মকাণ্ড চালাতে পারবে। বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। বিচারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত হয়, তাহলে তারা আবার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। জনবল নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া শেষে এটি চালু করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষদিকে এগুলো চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওড় ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল-এই চার ভাগে ভাগ করে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাওড় ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করবে ইসি।

ভারতে বসে উসকানি দেওয়া যাবে, লাভ হবে না : ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্য ও উসকানিমূলক প্রচারণায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না। ভারতে বসে তারা যে কাজ করছেন, সে বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আগেও কথা বলা হয়েছে। তাদের অনেকেই মামলার আসামি, কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, কারও সাজাও হয়েছে। তাদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এখনো কি কিছু বিচার চলছে, এই ব্যাপারে নিশ্চিত তথ্য আমার কাছে নেই। তবে বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাব। চীনের সাম্প্রতিক সফরে করিডর, আনোয়ারা ও মোংলা বন্দরসংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, প্রস্তাব এসেছে। করিডর ও মোংলা নিয়ে আলোচনা হচ্ছে। এগুলো যাচাই-বাছাই করা হবে। এর অর্থনৈতিক কার্যকারিতা আছে কিনা এবং বাংলাদেশের জন্য কতটা উপকারী হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের বিষয় তদন্ত হচ্ছে : তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, গ্রেফতারের সময় ধাওয়া খেয়ে তারা নদীতে নিখোঁজ হন। এ ঘটনায় তদন্ত চলছে। তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে বিষয়টি তদন্ত করা এবং কারও সংশ্লিষ্টতা থাকলে তা খতিয়ে দেখা। জাহেদ উর রহমান বলেন, সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এটা হওয়া উচিত ছিল না। সরকার স্বাভাবিক নিয়মেই ঘটনার তদন্ত করবে এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করবে।