আলমডাঙ্গায় বিয়ের এক মাস না যেতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মজনুর রহমান নামের এক যুবক। সোমবার রাতে উপজেলা শহরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনুর রহমান বিনোদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মাত্র বিশ দিন আগে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ ঘটনায় তার পরিবার ও শ্বশুর পরিবারে শোকের মাতম চলছে।
জানা গেছে, ছোট ভাই পলাশ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। সোমবার রাতে তাকে ঢাকাগামী বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পাথরের ওপর মোটরসাইকেল পিছলে গেলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








