যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম, রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার এবং যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক উন্নয়নে প্রায় ২৮১ কোটি টাকার কাজ অনুমোদন এবং বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য চট্টগ্রামের বন্ধ জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি প্রতীকী মূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটনের মূল্য ধরা হয়েছে ৩২২ ডলার। এতে ব্যয় হবে প্রায় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে।