শিক্ষার্থীদের কে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জামালপুর শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তুমি কে, আমি কে ফার্মের মুরগি, ফার্মের মুরগি, আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারা লক্ষ্য করেছে শিক্ষা মন্ত্রী শুধু পরীক্ষা সংস্কারের নামে মন্ত্রণালয়ে বসে আছে। যখন সারাদেশ পানির নিচে, শিক্ষার্থীরা সেই পানির নিচে পরীক্ষা দিয়ে যাচ্ছে, আর শিক্ষামন্ত্রী এসি রুমে বসে অহমিকা পূর্ণ কথা বলছেন৷ তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো শিক্ষাবান্ধব নয়।

মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা বলেন, এই বৈরী আবহাওয়া মধ্যেও কেন পরীক্ষা নিতে হবে। শিক্ষামন্ত্রী বলেছিলেন আবহাওয়া দেখে পরীক্ষা পেছানো হতে পারে। তার কথা এখন কোথায়। শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে।

প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

হৃদয় আহম্মেদ/এসজেডএইচ/জেআইএম