কুষ্টিয়ার নদীপথে নৌপুলিশের জন্য থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে জবাবে প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘পুলিশ আমার সাথে নাই, মুরগি আছে’। এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নদীপথে নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন। প্রথমে তিনি পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথা শুরু করলেও একপর্যায়ে তিনি নৌপুলিশের থানা স্থাপনের আবেদন জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানতে ফরিদা ইয়াসমিনের কাছে জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কি না।
ফরিদা ইয়াসমিন বলেন, তিনি নৌপুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।
এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, ‘মাননীয় প্রাণিসম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা-পুলিশ? কিছু উত্তর দিন।’
জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘না, মুরগি আছে, পুলিশ আমার সাথে নাই।’ এই জবাবে সংসদে হাসির রোল ওঠে।
মন্ত্রী আরও বলেন, তবে ওই এলাকায় কেউ যদি তাঁর ‘রিজার্ভের মাছ’ ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন।
প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, ‘এ ছাড়া আমার কিছু করার নাই।’ পরে স্পিকার জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।








