কৈশোরে ক্ষুব্ধ হয়ে ইভটিজারের মাথা ফাটিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কায়ডু লোহার। তার অভিনীত ‘ইধায়ুম মুরলি’ সিনেমার প্রচারে গিয়ে এ তথ্য জানান ২৬ বছর বয়সি এই অভিনেত্রী।  

গালাটা তামিলকে সাক্ষাৎকার দিয়েছেন ‘ড্রাগন’ সিনেমাখ্যাত অভিনেত্রী কায়ডু লোহার। এ আলাপচারিতার শুরুতে দ্বিধায় ছিলেন ঘটনাটি বলবেন কি না। পরে তিনি জানান, অন্য মেয়েরা যাতে নিজের অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস পায়, সেই ভাবনা থেকেই বিষয়টি শেয়ার করার সিদ্ধান্ত নেন। 

 

ঘটনা বর্ণনা করে কায়ডু লোহার বলেন, “আমি যখন দশম শ্রেণিতে পড়তাম, তখন বাড়ির কাছেই কোচিং করতে যেতাম। সেখানে কয়েকজন ছেলে আমাকে ইভ-টিজিং করত। প্রথম দিন বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম। দ্বিতীয় দিনও চুপ ছিলাম। কিন্তু তৃতীয় দিনে আর সহ্য করতে পারিনি।”

টানা তিনদিন একই ঘটনার মুখোমুখি হয়ে ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েন ‘ফাঙ্কি’খ্যাত অভিনেত্রী কায়ডু লোহার। রাগের মাথায় এমন একটি কাজ করে ফেলেন, যা পরে তাকেও বিস্মিত করেছিল। এ অভিনেত্রী বলেন, “আমি এতটাই উত্তেজিত ও রাগান্বিত ছিলাম যে, একটি পাথর তুলে তার মাথায় ছুড়ে মারি। এতে তার মাথা ফেটে যায়, রক্ত ঝরতে শুরু করে। এরপর আমি সেখান থেকে চলে আসি। তারপর কী হয়েছিল আমি জানি না। ঘটনাটি খুবই সহিংস ছিল। আমি মনে করি না কারো মাথায় পাথর ছুড়ে মারা উচিত। কিন্তু তখন মনে যা আসছিল, সেটাই করেছিলাম।”

অন্যায় করলে তার জবাব দেওয়া উচিত বলে মনে করেন কায়ডু। তার ভাষায়, “আমাকে দেখে অনেকেই হয়তো ভাবেন—আহা কি শান্ত-শিষ্ট মেয়ে, খুব একটা কথা বলে না। কিন্তু কেউ যখন অন্যায় করে, তখন চুপচাপ সব সহ্য করা উচিত নয়। তার জবাব দেওয়া উচিত।”

 

কায়ডু লোহার অভিনীত পরবর্তী সিনেমা ‘ইধায়ুম মুরলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ফাহাদ ফসিল, প্রীতি মুখন্দান, আথর্ব মুরলি প্রমুখ। আপাতত এ সিনেমার প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তাছাড়াও তামিল ভাষার ৩টি, মালায়ালাম ভাষার ২টি ও তেলেগু ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। 

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে