বলিউড অভিনেতা আমির খান গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল বেশ ব্যক্তিগত। তবে বিয়ের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কনের হাতে পরানো বিশেষ আংটিটি।
তারকাদের বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন, বিলাসবহুল পোশাক, অলংকার ও অতিথিদের উপস্থিতি নিয়ে নানা আলোচনা। কিন্তু আমির খান বরাবরের মতোই ভিন্ন পথে হেঁটেছেন। সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, গৌরী স্প্র্যাটকে তিনি যে আংটি উপহার দিয়েছেন, তা শুধু মূল্যবানই নয়, বিরল সংগ্রহেরও একটি অনন্য নিদর্শন।
সাধারণত তারকাদের বিয়ের আংটিতে হীরার ব্যবহারই বেশি দেখা যায়। তবে আমির খান বেছে নিয়েছেন বিরল প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি, যা বিশেষভাবে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা হয়েছে।
বিলাসবহুল গহনা নির্মাতা প্রতিষ্ঠান ‘কুইন’-এর তৈরি এই আংটি তৈরিতে সময়, দক্ষতা ও নিখুঁত কারুকার্যের সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতার ভাষ্য, এমন মানের রুবি খুঁজে পেতে তাদের তিন মাসেরও বেশি সময় লেগেছে।
শুধু পাথর সংগ্রহই নয়, আংটির নকশা তৈরি, রুবি বসানো এবং সূক্ষ্ম কারুকাজ সম্পন্ন করতে মোট ২৫৬ ঘণ্টা কাজ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ১৩১ জন দক্ষ কারিগর।
আংটির নকশাতেও রয়েছে রাজকীয় ছোঁয়া। সোনার তৈরি মুকুটসদৃশ সেটিংয়ের মধ্যে বসানো হয়েছে বিরল রুবি পাথরটি। এর চারপাশে রয়েছে সূক্ষ্ম নকশা, ভিনটেজ ধাঁচের অলংকরণ এবং প্রাকৃতিক হীরার কারুকাজ। সব মিলিয়ে এটি একটি ব্যতিক্রমী ও বিলাসবহুল শিল্পকর্মে পরিণত হয়েছে।
আমির খানের এই ব্যতিক্রমী পছন্দ ইতোমধ্যেই ভক্ত ও গহনা-প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
The post আমির খানের বিয়ের আংটির নেপথ্যে তিন মাসের খোঁজ আর ২৫৬ ঘণ্টার কাজ appeared first on ZoomBangla.







