গত ৬ জুলাই বিকেলে ‘পদ্মশ্রী’ পুরস্কার বিজয়ী ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ যান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সচিবালয় নবান্নে একান্তে বৈঠক করেন প্রসেনজিৎ।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রসেনজিতের ঘন ঘন বৈঠক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে—এসবই কি শুধু সৌজন্য সাক্ষাৎ, না কি বিজেপিতে যোগ দেবেন প্রসেনজিৎ? রাজ্যরাজনীতি থেকে শোবিজ অঙ্গনে এ নিয়ে জোর চর্চা চলছে। এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
সমস্ত জল্পনা নস্যাৎ করে প্রসেনজিৎ জানান, বাজারে ছড়ানো সমস্ত খবরই ভিত্তিহীন। বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। ভবিষ্যতে যদি এমন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে প্রথমেই সংবাদমাধ্যমকে তা জানাবেন।
গুঞ্জন উড়িয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “আমার নবান্নে আসাকে ঘিরে যে চর্চা হচ্ছে, সেটা একেবারে ভিত্তিহীন। আমি আমার ইন্ডাস্ট্রির ভালোমন্দ নিয়ে আলোচনা করতে এসেছি। কীভাবে বাংলা ইন্ডাস্ট্রির আরো উন্নতি হবে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। নবান্নে আসার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই।”
রাজ্যসভার আসন পেতে যাচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “দয়া করে, রাজনীতি নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে কথা বলতে এসেছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় টিম নিয়ে শুটিংয়ে যাই। সেখানে অনেকরকম সুবিধা-অসুবাধার সম্মুখীন হই। সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।”
ইন্ডাস্ট্রির অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেতার কী কথা হয়েছে, তা জানতে চাওয়া হলে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “নানাবিধ কথা হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে কথা হয়েছে, মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে।”
পেশাগত সুবিধা-অসুবিধার বিষয়েও আলোচনা করেছেন প্রসেনজিৎ। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, “আমি ৪০ বছর ধরে কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অনেক কথা থাকে। আমাদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধা থাকে, সে জন্যেই আমার এখানে আসা।”
স্টুডিওপাড়ায় নতুন কমিটি গঠনের ইঙ্গিতও মিলেছে। ইন্ডাস্ট্রির প্রয়োজনে যদি কোনো কমিটির সদস্যপদ দেওয়া হয়, তাহলে সেটা গ্রহণ করবেন কি না? এ প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “আমি এই ইন্ডাস্ট্রির অংশ। দীর্ঘদিন বাংলা সিনেমার সঙ্গে যুক্ত। যদি উনারা আমাকে কোনো পদ দেন তাহলে ইন্ডাস্ট্রির স্বার্থে নিশ্চয়ই গ্রহণ করব। আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য, টলিউডের উন্নতি।”








