পাকিস্তানের বরেণ্য অভিনয়শিল্পী ওয়াসীম আব্বাস ও সাবা হামিদ। কয়েক বছর আগে আনুষ্ঠানিকভাবে ২৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। সবকিছু ঠিকই ছিল, তবে কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন একটি তথ্য জানিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ওয়াসীম।

অজানা তথ্যটি সামনে এনে ওয়াসীম আব্বাস জানান, আইনগতভাবে তাদের বিয়ে ২৯ বছর স্থায়ী হয়েছিল। তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগেও তারা টানা ১৪ বছর আলাদা বসবাস করেছেন।

প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের পরও কেন বিচ্ছেদ হলো? এমন প্রশ্নের জবাবে ওয়াসীম আব্বাস বলেন, “আমাদের সংসার জীবন ঠিকঠাক কাজ করেনি, তাই আমরা বিচ্ছেদ করেছি। এতে খারাপ কিছু নেই।”

বিচ্ছেদের পরও একাধিক নাটক ও অন্যান্য প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন ৬৫ বছর বয়সি ওয়াসীম ও ৬৯ বছর বয়সি সাবা হামিদ। পরস্পরের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে ওয়াসীম আব্বাস বলেন, “আলাদা থাকার পরও আমাদের মাঝে কখনো তিক্ততা তৈরি হয়নি। পারস্পরিক সম্মান বজায় রাখা খারাপ কিছু না। আজও যদি আমাদের দেখা হয়, আমরা একে অপরকে সম্মান জানাব। এমনকি, আবার কোনো নাটকে একসঙ্গে কাজ করতেও আমাদের আপত্তি নেই।”

তিন দশকের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে করেন? জবাবে ওয়াসীম আব্বাস বলেন, “আমি এই বিচ্ছেদকে ভুল বলতে চাই না! তবে এখন পেছন ফিরে তাকালে মনে হয়, হয়তো সিদ্ধান্তটি ঠিক ছিল না।”

সাবা হামিদের সঙ্গে ওয়াসীম আব্বাসের এটি দ্বিতীয় সংসার। প্রথম সংসারে ওয়াসীমের চারটি সন্তান রয়েছে। অভিনেতা আলী আব্বাস তারই পুত্র। তবে সন্তানদের সঙ্গে থাকেন না ওয়াসীম। সন্তানদের সঙ্গে না থাকার কারণ ব্যাখ্যা করে ওয়াসীম আব্বাস বলেন, “আমি গেস্টহাউজে থাকি। কারণ এই নয় যে, আমার ছেলে বা পুত্রবধূ আমাকে তাদের সঙ্গে রাখতে চান না। বরং আমিই চাই না, আমার কারণে তাদের কোনো অসুবিধা হোক।”

কাজের ব্যস্ততার কারণে প্রায়ই গভীর রাতে ফিরেন ওয়াসীম আব্বাস। তা স্মরণ করে তিনি বলেন, “কাজের কারণে প্রায়ই গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। করাচিতে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্বও অনেক। যদি রাত ২টার পর বাসায় ফিরি, তাহলে পুত্রবধূ আমাকে খাবার দেওয়ার জন্য জেগে থাকবে, তা আমি চাই না।”

ওয়াসীম আব্বাস পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার ও কৌতুকশিল্পী। ছোট ও বড়পর্দায় অসংখ্য কাজ উপহার দিয়েছেন। অন্যদিকে, সাবা হামিদ পাকিস্তানের প্রখ্যাত লেখক ও সাংবাদিক হামিদ আখতারের কন্যা। দেশটির টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।

*পাকিস্তান টুডে, অ্যারি নিউজ অবলম্বনে