আরব আমিরাতের বন্দর থেকে পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালেও তেহরান জানিয়েছে যে পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।

এক ইরানি বাণিজ্য কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে যে কন্টেইনারগুলো প্রক্রিয়াজাত করা সম্ভব হয়নি, সেগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে ইরানে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, বাণিজ্য ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরটি ইরানি পণ্যের জন্য একটি প্রধান আঞ্চলিক ট্রানজিট কেন্দ্র। আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনে’ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান। সর্বশেষ মার্কিন হামলার পর তেহরান এই অভিযোগ তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব নৃশংস হামলা যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের একটি প্রকাশ্য লঙ্ঘন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তাদের বাহিনী শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলা চালিয়েছে।

টিটিএন