পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরের কাশিপুরে এক সভা থেকে ফের বিতর্কিত মন্তব্য করলেন নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং একাধিক কড়া মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
হুমায়ুন কবির বিজেপির জেলা সভাপতিকে ‘গায়েব করে দেওয়া’ হবে বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি ‘ষাটা ভাঙা মার’ দেওয়ার মতো মন্তব্যও করেন।
তিনি বলেছেন, “এমন মার দেব, বিজেপির পতাকা বহন করার লোক খুঁজে পাওয়া যাবে না।”
হুমায়ুন তার ভাষণে ভরতপুরের বিজেপির প্রার্থী অনামিকা ঘোষকে লক্ষ্য করেও কটাক্ষ করেন। তার দাবি, ভোটে পরাজিত হওয়ার পরও অনামিকা নিজেকে বিধায়ক (এমএলএ) বলে মনে করছেন।
বক্তব্যের এক পর্যায়ে হুমায়ুন কবির বলেন, “মাথা গরম হয়ে গেলে কে মুখ্যমন্ত্রী, কে এসপি—আমি বুঝব না।”








