আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামীকাল ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন এই যুগল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। তাঁদের মধ্যে থাকবেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী।

একটি সূত্র জানিয়েছে, অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ।

পছন্দের খাবারেই সাজানো মেনু
সূত্রটির ভাষ্য, আমির ও গৌরী দুজনেই নিজেদের প্রিয় খাবারগুলো মেনুতে রাখতে চেয়েছেন। শুধু তা–ই নয়, খাবার তৈরির প্রস্তুতিও তাঁরা নিজেরা তদারকি করছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের সন্তানরাও। এ ছাড়া তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি।

আমির খান

‘সবার আশীর্বাদ চাই’
বৃহস্পতিবার নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেন আমির খান।
আমির খান বলেন, ‘৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্‌যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং জীবনের নতুন পথচলা সুন্দর হয়।’

৬১ বছর বয়সে আমিরের প্রেম–বিয়ে, কে এই গৌরী

আমিরের তৃতীয় বিয়ে
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান।

পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। এখন গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

ইন্ডিয়া টুডে অবলম্বনে