হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক মোবাইল ফোন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে অভিযুক্তকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়েতে এ ঘটনা ঘটে।
আনসার সূত্র জানায়, এক ব্যক্তি একজন সহযাত্রীর মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার দেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি মো. ইউনুস আলী তাৎক্ষণিক ধাওয়া করে অভিযুক্তকে আটক করেন।
পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন এবং এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে উদ্ধারকৃত মোবাইলসহ বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়।
টিটি/এমকেআর








