টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সব ধরনের পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সাজেকের সব কটেজ, পাহাড়ি ট্রেইল এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক ও সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।