আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিযোগিতায় ছাত্র বিভাগে রানার্সআপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ছাত্রী বিভাগে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ স্লোগানে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ঢাবি ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ জবি অর্জন করে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক।

ছাত্রী বিভাগেও শীর্ষস্থান অর্জন করে ঢাবি। এ বিভাগে বিশ্ববিদ্যালয়টি ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি তাম্র পদক লাভ করে। অন্যদিকে, চবি ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে রানার্সআপ হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক এস. এম. মোস্তফা আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক উপমা কবির।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে দলের ম্যানেজার অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম. জাকারিয়া, জুডো ও কারাতের ইনচার্জ নয়না চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।