চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ছায়া জাতীয় আইনসভা। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করবেন।

আগামী ১০ ও ১১ জুলাই চবির আইন অনুষদে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল অ্যাম্পাওয়ারমেন্ট বাংলাদেশের (এলইবি) যৌথ উদ্যোগ এ ছায়া আইনসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত জানান আয়োজক কমিটি।

লিখিত বক্তব্যে আয়োজকরা জানান, দেশের ৫০টিরও অধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এ আয়োজনে তরুণ সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। তরুণ সংসদ সদস্য হিসেবে নিবন্ধনের শেষ সময় আগামী ৩ জুলাই ২০২৬।

আয়োজকরা আরো জানান, দুই দিনব্যাপী এ জাতীয় আয়োজনে অংশগ্রহণকারীরা সংসদীয় কার্যপ্রণালী অনুসরণ করে বিদ্যমান আইন নিয়ে আলোচনা, বিতর্ক, সংশোধনী প্রস্তাব উপস্থাপন এবং আইন প্রণয়নের অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে তারা নীতিনির্ধারণ, আইন প্রণয়ন, যুক্তিতর্ক, গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব বিকাশে বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এবারের আয়োজনে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং মানব পাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৫-এই তিনটি বিদ্যমান আইনের ওপর বাস্তবভিত্তিক সংশোধনী প্রস্তাব উপস্থাপন, সংসদীয় বিতর্ক এবং আইন সংশোধনের অনুশীলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্বিতীয় নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভার আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াছের, যুগ্ম-আহ্বায়ক সামিহা হক শাহী এবং চিফ অব অপারেশন মোহাম্মদ আরফান হোসেন।