কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ৩৫টি দলকে সাতটি গ্রুপে ভাগ করা হয়। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল রয়েছে।বাছাইপর্বের ম্যাচগুলো হবে ৮ থেকে ২০ নভেম্বর।

‘সি’ গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। ফলে বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলোও আরব আমিরাতে হবে।

সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। এর সঙ্গে কাতার বিশ্বকাপে জায়গা পাওয়া এশিয়ার ৯ দল অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম মূল পর্বে খেলবে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব হবে উজবেকিস্তানে আগামী বছরের ১২-২৯ মে।

বাছাইপর্বের অন্য গ্রুপগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন ও কম্বোডিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে ও মালদ্বীপ। ‘ডি’ গ্রুপে ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

‘ই’ গ্রুপে ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও গুয়াম। ‘এফ’ গ্রুপে ইয়েমেন, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। ‘জি’ গ্রুপে রয়েছে ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ও ব্রুনেই দারুসসালাম।