জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে বিতর্কে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। পুরোনো সেই অভিযোগ আবার সামনে আসতেই অভিনেত্রীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

আরও পড়ুন

ব্রাজিল নেই, তাই খেলা না দেখে যা করেন অপু বিশ্বাস

একই সঙ্গে তুলে ধরেছেন তিশাকে ঘিরে নিজের ব্যক্তিগত একটি তিক্ত অভিজ্ঞতার কথাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে জয় লিখেছেন, ‘একজন জনপ্রিয় শিল্পীর জন্য এমন ঘটনা অত্যন্ত বিব্রতকর। তার বিশ্বাস, আইনি জটিলতা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়, তা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে।’

জয়ের ভাষায়, ‘বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে, সেটা খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সাধারণ মানুষের মনে থেকে যাবে ‘এই সেই তানজিন তিশা, যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিলো।’ খুব কম মানুষই মনে রাখবে, তিনি একজন অসাধারণ অভিনেত্রী।’

সংবাদমাধ্যমের শিরোনাম নিয়েও নিজের মত প্রকাশ করেন জয়। তার মতে, শিল্পীর প্রতি আরও মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। তিনি লেখেন, ‘যদি শিরোনাম হতো ‘তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা’, তাহলে হয়তো শিল্পীর প্রতি ইতিবাচক বার্তা যেত। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।’

তবে তিশার পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের দীর্ঘদিনের এক কষ্টের কথাও প্রকাশ করেন জয়। তিনি জানান, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে তানজিন তিশা নাকি মঞ্চে উঠবেন না। পরে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিশা তাকে দেখে ‘উনি এখানে কেন?’ এমন মন্তব্য করেছেন বলেও ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে শুনেছেন।

এ বিষয়ে জয় লিখেছেন, ‘কথাগুলো কতটুকু সত্যি আমি জানি না। তবে যাদের কাছ থেকে শুনেছি, তারা তিশার খুব কাছের মানুষ। স্বাভাবিকভাবেই বিষয়টি আমাকে কষ্ট দিয়েছিলো। কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে আমি তার পাশে থাকব না -এটা তো হতে পারে না।’

জয়ের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানবিক অবস্থানের প্রশংসা করছেন। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত অভিমান ভুলে একজন সহকর্মীর পাশে দাঁড়ানোর এই বার্তা শোবিজ অঙ্গনের জন্য ইতিবাচক উদাহরণ হতে পারে।

আরও পড়ুন

বলিউডকে পেছনে ফেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণী সিনেমার রাজত্ব

উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়ি বিক্রিকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় একটি আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি আদালতের সমন জারির পর সেই পুরোনো অভিযোগ আবারও নতুন করে আলোচনায় এসেছে।

 

এমআই/এলআইএ