যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানের একটি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে। একই সময়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী, আজ রোববার সকালে জর্ডানের বিমানবাহিনী পরিচালিত ‘প্রিন্স হাসান বিমান ঘাঁটি’ লক্ষ্য করে বেশ কয়েকটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরান দাবি করেছে, অত্যন্ত নিখুঁত এসব হামলায় ঘাঁটিটির একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার (নিয়ন্ত্রণ কেন্দ্র) এবং মার্কিন ড্রোন সংরক্ষণের কয়েকটি হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আইআরজিসি স্পষ্ট করেছে, ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলা এবং টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস করার তাৎক্ষণিক জবাব হিসেবে জর্ডানের এই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো আগ্রাসন দেখায়, তবে এর চেয়ে আরও কয়েক গুণ শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হবে।

প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে জানতে সিএনএনের পক্ষ থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করা হলে ওয়াশিংটনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

জর্ডানের পাশাপাশি উপসাগরীয় অন্য দেশগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভোররাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশপথে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় অভিযানের শব্দ। আমিরাত কর্তৃপক্ষ দেশের সাধারণ নাগরিকদের শান্ত থাকার এবং প্রশাসনের সব নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর বাইরে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আজ সকালে দেশজুড়ে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজিয়েছে। সেই সঙ্গে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।