ওমানের দুকম বন্দরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরির লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে হামলার দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) মার্কিন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের এরোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিগুলোর সহায়ক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালায়।

বিবৃতিতে কোরানের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, প্রতিশোধের জবাব সমানভাবে দেওয়া হবে। পাশাপাশি দাবি করা হয়, শহিদ সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেওয়া কোটি কোটি ইরানির যে সংকল্প দেখা গেছে, তা এখন ইরানি যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের সাফল্যে প্রতিফলিত হচ্ছে।

উল্লেখ্য, এই হামলার দাবি মূলত আইআরজিসির। এ বিষয়ে ওমান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত করা যায়নি।

যুক্তরাষ্ট্রের আলটিমেটাম উপেক্ষা করে হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালায় ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে পাল্টা হামলা চালিয় যুক্তরাষ্ট্র। এই পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি/ অ্যাক্সিওস

কেএম