বর্ষাকাল কিংবা অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় সৌন্দর্যচর্চার নিয়মে আনতে হয় বেশ কিছু পরিবর্তন। কারণ বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে গেলে ত্বক বেশি ঘামে, তেল নিঃসরণ বাড়ে, লোমকূপ বন্ধ হয়ে ব্রণ, র্যাশ কিংবা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। আবার সারাক্ষণ শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকলে ত্বক উল্টো পানিশূন্যও হয়ে পড়তে পারে। তাই এই সময়ের সৌন্দর্যচর্চা হতে হবে হালকা, পরিচ্ছন্নতা-নির্ভর এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী। অনেকেই মনে করেন, আর্দ্র আবহাওয়ায় ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারণা।
বিশেষজ্ঞরা বলছেন, ‘‘ভারী ক্রিমের বদলে জেল বা ওয়াটার-বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, আবার অতিরিক্ত তৈলাক্তও লাগে না। ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর বজায় রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি।’’
ক্লিনজিংয়ে বাড়তি গুরুত্ব
আর্দ্র আবহাওয়ায় ঘাম, ধুলা ও অতিরিক্ত তেল ত্বকের লোমকূপ বন্ধ করে দিতে পারে। তাই দিনে অন্তত দুবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা প্রয়োজন। তবে অতিরিক্ত মুখ ধোয়া বা কড়া ক্লিনজার ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে। ফলে ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে।
সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না
বর্ষায় অনেকেই সানস্ক্রিন ব্যবহার বন্ধ করে দেন। অথচ অতিবেগুনি রশ্মি মেঘ ভেদ করেও ত্বকে পৌঁছাতে পারে। বাইরে বের হওয়ার অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর পুনরায় সানস্ক্রিন লাগানো প্রয়োজন।
মেকআপে মিনিমাল ট্রেন্ড
এই আবহাওয়ায় ভারী ফাউন্ডেশন বা ঘন মেকআপ সহজেই গলে যেতে পারে এবং ত্বকের ছিদ্র বন্ধ করে ব্রণ বাড়াতে পারে। তাই টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি ক্রিম কিংবা হালকা বেইজ মেকআপ বেছে নেওয়াই ভালো। নন-কমেডোজেনিক বা লোমকূপ বন্ধ করে না—এমন প্রসাধনী ব্যবহার করা উচিত।
চুলের যত্নেও সতর্কতা
আর্দ্র পরিবেশে মাথার ত্বকে ঘাম বেশি জমে। ফলে খুশকি, চুলকানি বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ে। বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব চুল পরিষ্কার করে শুকিয়ে নেওয়া প্রয়োজন। ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে রাখা ঠিক নয়। পাশাপাশি অতিরিক্ত তেল ব্যবহারও এ সময় এড়িয়ে চলাই ভালো।
সিনথেটিক পোশাক বাদ দিন
আঁটসাঁট বা সিনথেটিক কাপড়ের পরিবর্তে সুতি ও বাতাস চলাচল করে—এমন পোশাক পরলে ত্বক স্বস্তিতে থাকে। এতে ঘাম জমে র্যাশ বা ঘামাচির ঝুঁকিও কমে।
সূত্র: আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, মায়ো ক্লিনিক








