বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে হারের ম্যাচে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট রেফারিং হয়েছে বলে মনে করে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। গতকাল বুধবার ইএফএর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই অন্যায়ের পর তারা ‘চুপ করে থাকতে পারে না’। আটলান্টায় মঙ্গলবার অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচটিতে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর।
ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। কিন্তু এরপর ১৪ মিনিটের ভেতর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল করে আর্জেন্টিনা। হারের পরই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মিসরের কোচ হোসাম হাসান ও দলের বেশ কয়েকজন খেলোয়াড়।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ‘মিসর জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা এমন কোনো বিষয় নয়, যাকে উপেক্ষা করা যায়, ছোট করে দেখা যায় কিংবা কম গুরুত্ব দেওয়া চলে। এটা এমন এক দায়িত্ব, যা আমরা পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বহন করছি।’
ম্যাচের ৫৮ মিনিটে মিসরের একটি গোল বাতিল করে দেয় ভিএআর। রিভিউয়ের পর সিদ্ধান্তে জানানো হয়, গোলের আগে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন মরক্কোর মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া।
ইএফএর বিবৃতিতে দাবি করা হয়, রেফারি ভিএআর প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন এবং এর খেসারত হিসেবেই হেরেছে মিসর।
বিবৃতিতে তারা জানায়, ‘কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুতর উদ্বেগ তৈরি করেছে। মাঠে সেসব সিদ্ধান্ত ম্যাচের গতিপথ সরাসরি বদলে দিয়েছে এবং এর ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।’
১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলের পর ৬৭ মিনিটে মিসরের হয়ে গোল করেন মোস্তফা জিকো। কিন্তু এরপর ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ও ৮৩ মিনিটে লিওনেল মেসি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। যোগ করা (৯০+২) সময়ে এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য জয় তুলে নেয় আর্জেন্টিনা।
ফার্নান্দেজের জয়সূচক গোলের পর দুই হাত আড়াআড়ি করে ইংরেজি ‘এক্স’ বর্ণের মতো চিহ্ন দেখান মিসরের কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের অভিযোগ করেন। হোসাম হাসান বলেন, ‘হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’
ইএফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষক মিসরের পাশে দাঁড়িয়েছেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ম্যাচ পরিচালনায় সততা, নিয়মানুবর্তিতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তাঁরা।
মিসরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের চরম হতাশার বিষয়টি ফুটে ওঠে বিবৃতিতে, ‘মিসরের জার্সি পরা প্রতিটি খেলোয়াড় এবং দলের পেছনে থাকা প্রতিটি সমর্থক মাঠে ন্যায্য বিচার, সম্মান ও খেলার নিয়মের সমান প্রয়োগ পাওয়ার অধিকার রাখেন।’
আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম







