ইতিহাস গড়ে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছিল মরক্কো। আরও একবার তেমন কিছুর পুনরাবৃত্তির সুযোগ আফ্রিকার দলটির সামনে। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল তাদের প্রতিপক্ষ ফ্রান্স। সে ম্যাচে নামার আগেই বড় দুঃসংবাদ পেল মরক্কানরা।

সেমিফাইনালে উঠার মিশনে আজ রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে মরক্কো। চোটের কারণে সে ম্যাচে দলের প্রধান ভরসা ইসমাইল সাইবারিকে পাবে না তারা। মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

উরুর চোটে ভুগছেন সাইবারি। তাঁকে না পেলেও নিজেদের সেরা ফুটবল খেলার ব্যাপারে আশাবাদী ওহাবি। তিনি বলেন, ‘ইসমাইল সাইবারি ছাড়া সবাই ম্যাচের জন্য প্রস্তুত। এই ম্যাচটি তার জন্য খুব দ্রুত চলে এসেছে। তবে আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে বাদ দিতে হবে না।’

সম্প্রতি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন। এরপর সেরা ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি আসে তাঁর পা থেকে। তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে উরুর চোটে পড়েন এই মিডফিল্ডার। সেই ম্যাচে সাইবারির বদলি হিসেবে নেমে মরক্কোর তৃতীয় গোলটি করেন স্ট্রাইকার সুফিয়ান রহিমি।

সাইবারির অনুপস্থিতিতে ফ্রান্সের বিপক্ষে কে শুরুর একাদশে থাকবেন, তা খোলাসা করেননি ওহাবি। তবে প্রতিপক্ষকে চমকে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি, ‘ফ্রান্সকে মোকাবিলার জন্য আমার হাতে একটি চমক আছে।’

মরক্কোর সামনে এবার প্রতিশোধেরও সুযোগ। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। সেই আসরেই প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল তারা। তবে অতীত নয়, বর্তমান নিয়েই ভাবতে চান ওহাবি। তাঁর লক্ষ্য কেবল সেমিফাইনাল নয়, বিশ্বকাপ শিরোপা, ‘ফ্রান্স অবশ্যই ফেবারিট। কিন্তু আগামীকালের ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমরা সত্যিই আগামীকালের ম্যাচটি জিততে চাই। তাই এখন বাদ পড়লেও সমস্যা নেই—এমন কথা যারা বলবে, তাদের কথা আমরা শুনব না।’