এবারের বিশ্বকাপে অন্যতম চমক জাগানো দল কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে দলটি অভাবনীয়ভাবে রাউন্ড অফ ৩২-এ জায়গা করে নিয়েছে, যেখানে তারা লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।
তবে কেপ ভার্দে দলের অন্দরমহলে সব কিছু কিন্তু সুখকর নয়। 'গ্লোবো এস্পোর্তে'-র একটি প্রতিবেদন অনুযায়ী, দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে এক ব্রাজিলীয় নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এ নিয়ে নিউজিল্যান্ড পুলিশ তদন্ত চালাচ্ছে।
৩৬ বছর বয়সী স্ট্রাইকার মেন্ডেসের বিরুদ্ধে দায়ের করা পুলিশি অভিযোগে আঘাতের চিহ্নসহ ছবি এবং ওই নারীর শারীরিক জখমের বিস্তারিত মেডিকেল রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। ওই নারী গত মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোর সময় কেপ ভার্দে দলের দোভাষী হিসেবে কাজ করেছিলেন।
ওশেনিয়ায় প্রীতি ম্যাচ খেলার সময় দলটি যে হোটেলে অবস্থান করছিল, সেখানেই মার্চ মাসে এই ঘটনাটি ঘটে এবং ১০ এপ্রিল তদন্ত শুরু হয়। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন ওই নারীকে কেপ ভার্দে দলের (যাদের দাপ্তরিক ভাষা পর্তুগিজ) দোভাষী হিসেবে এবং ফিফা আন্তর্জাতিক বিরতির সময় জাতীয় দলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য নিয়োগ দিয়েছিল।
তিনি পুলিশকে জানান যে, চিলির বিপক্ষে প্রথম ম্যাচের পর তাকে জাতীয় দলের জন্য সংরক্ষিত হোটেলের একটি কক্ষে মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। দোভাষী হিসেবে কাজ করতে হবে ভেবেই তিনি সেখানে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে এটি আসলে একটি ঘরোয়া বা সামাজিক আড্ডা ছিল, তাই তিনি নিজের কক্ষে ফিরে আসেন। এরপরই তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান এবং কাজের প্রয়োজনে কেউ এসেছে ভেবে দরজা খুলে দেন।
অভিযোগ অনুযায়ী, ঠিক সেই মুহূর্তেই রায়ান মেন্ডেস কক্ষে প্রবেশ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন; আত্মরক্ষার চেষ্টার সময় মেন্ডেস তাকে গলা টিপে ধরা, ঘুষি মারা ও কামড়ানোর মতো কাজ করেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন। হোটেলে অবস্থানরত ওই নারী তার শরীরের দৃশ্যমান আঘাতের চিহ্ন-যেমন মুখের চারপাশে কাটা দাগ এবং ঘাড়, পা ও শরীরের পাশে কালশিটে বা আঘাতের দাগও দেখিয়েছেন।
ফলে অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন কেপ ভার্দে অধিনায়ক। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচের আগে যেটি বেশ ভাবাচ্ছে কেপ ভার্দে শিবিরকে।
এমএমআর








