চলতি অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ লক্ষ্য পূরণে পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এনবিআর প্রস্তুত রয়েছে। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়েছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে। দুই সংগঠনের বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের শিল্পগুলো ভালো করুক।

অর্থনীতি দাঁড়াতে হলে শিল্প খাত ভালো করতে হবে। আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই শিল্পের ওপর নির্ভর করছে। তাই ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে এবং সমাধানের চেষ্টা চলবে। বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয়ে বৈঠকেই সমাধান হয়েছে। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। তিনি আরও বলেন, ব্যবসা সহজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করেছে। এর পরও যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।

সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। তাই বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজে দেখা হচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও বিবেচনা করা হবে।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানের আশ্বাস : বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজস্ব ভবনের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ-সদস্য আবুল কালাম আজাদ, সংগঠনের সাবেক সভাপতি মতিন চৌধুরী ও সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার।

বৈঠকে বিটিএমএ কয়েকটি দাবি জানায়। এগুলো হচ্ছে-গার্মেন্টস শিল্পের ন্যায় টেক্সটাইল শিল্পের করপোরেট কর ১২ শতাংশ নির্ধারণ, রপ্তানি প্রণোদনার ওপর কর্তনকৃত উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা, পোশাক খাতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা পূর্বের ন্যায় বহাল রাখতে ব্যাংক গ্যারান্টির প্রজ্ঞাপন সংশোধন, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের (পিএসএফ) আমদানি শুল্ক প্রত্যাহার এবং আন্তঃকোম্পানি ঋণের সুদকে আয় হিসাবে গণ্য করে করারোপের বিধান বাতিল করা।

বৈঠকে প্রসঙ্গে বিটিএমএ নেতারা বলছেন, অর্থমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সম্পর্কে জানানো হয়েছে। তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।