রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের বাম হাতের চারটি আঙুল উড়ে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি সাভারের আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় ইমরানের বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করেন। প্রায় আট বছর ওই বাড়িতে কর্মরত রয়েছেন তিনি।

আরও পড়ুন

ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ সাজিদের মরদেহ উদ্ধার

স্থানীয়দের বরাতে আশুলিয়া থানা পুলিশ জানায়, আজ শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় রনিদের থাকার ঘর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা সেখানে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রনির বাম হাতের আঙ্গুলসহ কব্জি পর্যন্ত রক্তাক্ত ছিল। ঘটনার সময় ওই ঘরে রনি একাই ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার সময় রনি বাসায় একা ছিলেন। তিনি ককটেল তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় রনির বাম হাতের চারটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

আরও পড়ুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, বাসে আগুন

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমের ভেতরে তিনি ককটেল-জাতীয় কিছু বানানোর সময় বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা আসছেন।

আহত রনিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তাকে ঢাকায় নেওয়া হয়েছে, এতটুকু জানি। কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।

মাহফুজুর রহমান নিপু/কেএসআর