অবশেষে সমালোচনার মুখে অবসরে যাওয়া কর্মকর্তা মো. মাইনুল হক ভূঁইয়াকে যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৯ জুলাই তারিখ দেওয়া প্রজ্ঞাপনটি শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  

আরও পড়ুন

যুগ্ম সচিব পদোন্নতি ঘিরে বিতর্ক, প্রশ্নের মুখে সরকারের ভাবমূর্তি

গত বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে ১৭৯ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচনায় ছিল ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারা। পাশাপাশি দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়। তবে তালিকা প্রকাশের পর একের পর এক বিতর্ক সামনে আসে। বিশেষ করে অবসরে যাওয়া এক কর্মকর্তার পদোন্নতির বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 

এ পদোন্নতির তালিকায় ৫৩ নম্বরে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম। কিন্তু, তিনি গত ৩০ জুন অবসরে যান। মাত্র নয় দিন পর ৯ জুলাই প্রকাশিত যুগ্ম সচিব পদোন্নতির তালিকায় তার নাম আসায় বিষয়টি প্রশাসনের ভেতরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।   

আরও পড়ুন

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

মাইনুল হককে বাদ দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে (ক্রমিক-৫৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আরএমএম/কেএসআর