সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় রনি (২০) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার হাতের একটি কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইলের পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরানের বাড়ির নিচতলায় বসবাস করতেন। তিনি দীর্ঘ আট বছর ধরে ওই বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গছে, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনির একটি কবজি বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।