আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু নামের এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং-সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে সকালে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

জানা যায়, গতকাল রাত ৯টায় অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া পরিবারের সাত বছরের শিশুকে খাবার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। তাকে পার্শ্ববর্তী একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। তার আর্তচিৎকারে বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে গতকাল রাতেই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ভুক্তভোগী শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।