চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে আটকেপড়া এক শিশু ও তার পরিবারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয় বিএনপির কর্মী চৌধুরী ওহাব যুগান্তরকে জানান, কয়েকদিনের ভারি বর্ষণ ও পাহাড়ে ঢলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। রাতে পরিবারটি বন্যার পানিতে আটকে পড়ার খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান জানান, চেচুরিয়া এলাকায় একটি পরিবার শিশুসহ পানিতে আটকা পড়ার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে তাদের উদ্ধার করি।