প্রতিদিনকার যে কোনো পণ্যের প্যাকেট বা বস্তা খালি হলে তা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু এমন এক সময় ছিল, যখন একটি আটার বস্তা শুধু খাদ্য বহনের পাত্রই ছিল না, বরং হয়ে উঠেছিল পোশাক তৈরির মূল্যবান উপকরণ। শুনতে অবাক লাগলেও, যুক্তরাষ্ট্রের মহামন্দার সময় লাখো পরিবার পুরোনো আটা ও পশুখাদ্যের কাপড়ের বস্তা দিয়ে জামাকাপড় তৈরি করত। এমনকি একসময় এই বস্তাগুলোকে ঘিরে গড়ে উঠেছিল এক অনন্য ফ্যাশন সংস্কৃতি।
১৯৩০-এর দশক ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সময়গুলোর একটি। ১৯২৯ সালের শেয়ারবাজার ধসের পর শুরু হওয়া মহামন্দা লাখো মানুষকে বেকার করে দেয়। সংসার চালানোই যেখানে কঠিন হয়ে উঠেছিল, সেখানে নতুন কাপড় কেনা অনেক পরিবারের জন্য বিলাসিতা ছিল।
এই পরিস্থিতিতে গৃহিণীরা খুঁজে নেন অভিনব সমাধান। সে সময় আটা, ময়দা, চিনি এবং পশুখাদ্য কাপড়ের তৈরি বড় বস্তায় বিক্রি হতো। পণ্য ব্যবহার শেষ হলে বস্তাগুলো ফেলে না দিয়ে সেগুলো ধুয়ে, পরিষ্কার করে নতুনভাবে কাজে লাগানো হতো। এসব কাপড় দিয়ে তৈরি হতো শিশুদের জামা, নারীদের পোশাক, অ্যাপ্রন, পর্দা, বালিশের কভার, টেবিলক্লথসহ নানা প্রয়োজনীয় জিনিস।
প্রথমদিকে এসব বস্তার কাপড় ছিল একেবারেই সাদা বা সাধারণ রঙের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। তারা বুঝতে পারে, অনেক ক্রেতা শুধু পণ্যের গুণমান নয়, বস্তার কাপড়টিও বিবেচনা করছেন। কারণ সেই কাপড় দিয়েই পরে তৈরি হবে পরিবারের পোশাক।
আরও পড়ুন
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন?
এরপরই শুরু হয় এক অভিনব বিপণন কৌশল। বিভিন্ন কোম্পানি বস্তার কাপড়ে রঙিন ফুল, চেক, জ্যামিতিক নকশা ও আকর্ষণীয় ডিজাইন ছাপাতে শুরু করে। এমনকি বস্তার গায়ে থাকা কোম্পানির নাম বা লোগো সহজে ধুয়ে ফেলার উপযোগী কালি দিয়ে ছাপানো হতো, যাতে কাপড় ব্যবহার করতে অসুবিধা না হয়।
ধীরে ধীরে বাজারে নকশাদার বস্তার চাহিদা বেড়ে যায়। অনেক পরিবার নির্দিষ্ট নকশার কাপড় পাওয়ার জন্য বিশেষ ব্র্যান্ডের পণ্য কিনত। একই ডিজাইনের একাধিক বস্তা জোগাড় করতে প্রতিবেশীদের সঙ্গে বিনিময়ও করা হতো। কারণ একটি পূর্ণাঙ্গ পোশাক বানাতে প্রায়ই একাধিক বস্তার কাপড় প্রয়োজন হতো।
১৯৩০-এর দশকের শেষ দিকে এবং ১৯৪০-এর দশকে এই প্রবণতা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিভিন্ন ম্যাগাজিনে ফিড-স্যাক কাপড় দিয়ে পোশাক তৈরির পরামর্শ, কাটিং প্যাটার্ন এবং ফ্যাশন নির্দেশিকা প্রকাশিত হতে থাকে। কিছু কোম্পানি তো সরাসরি পোশাকের নকশা ছাপিয়ে দিত, যাতে ক্রেতারা সহজেই কাপড় কেটে জামা বানাতে পারেন।
আরও পড়ুন
ঢাকার লোকাল বাসে ব্যতিক্রমী এক ড্রাইভার-হেলপার জুটি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাপড়ের ঘাটতি দেখা দিলে এই প্রবণতা আরও বাড়ে। অনেক পরিবারের কাছে ফিড-স্যাক কাপড় ছিল সাশ্রয়ী ও সহজলভ্য বিকল্প। ইতিহাসবিদদের মতে, ১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর কোটি কোটি ফিড-স্যাক কাপড় ব্যবহার করা হতো, যার বড় অংশই পোশাক তৈরিতে কাজে লাগত।
তবে ১৯৫০-এর দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে। প্লাস্টিক ও কাগজের প্যাকেজিং জনপ্রিয় হয়ে ওঠে, একই সঙ্গে সস্তায় তৈরি বাণিজ্যিক কাপড়ের সহজলভ্যতাও বাড়ে। ফলে ধীরে ধীরে কাপড়ের বস্তার ব্যবহার কমে যায় এবং একসময় এই অনন্য সংস্কৃতি ইতিহাসের পাতায় স্থান নেয়।
আজও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে ফিড-স্যাক থেকে তৈরি পোশাক। এগুলো শুধু ফ্যাশনের নিদর্শন নয়, বরং কঠিন সময়ে মানুষের উদ্ভাবনী শক্তি ও মিতব্যয়িতার প্রতীক। যে আটার বস্তা একসময় ছিল কেবল পণ্য বহনের মাধ্যম, সেটিই হয়ে উঠেছিল হাজারো পরিবারের পোশাকের উৎস। অর্থনৈতিক সংকট মানুষকে কতটা সৃজনশীল করে তুলতে পারে, ‘ফিড-স্যাক ফ্যাশন’-এর ইতিহাস তারই এক অনন্য উদাহরণ।
সূত্র: কানাডাস হিস্টোরি, হেলেনস ক্লোসেড প্যাটার্ন
কেএসকে








