চট্টগ্রামের রাউজানে সালিশি বৈঠকের রায় নিজের বিপক্ষে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) দিবাগত রাত দুইটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আহত ওই ব্যক্তি।নিহত ব্যক্তির নাম আবদুল মন্নান (৩৭)। তিনি হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে। জানিপাথর বাজারে তার একটি মুদিদোকান রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহাজান, তিনি মন্নানের জেঠাতো ভাই।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জায়গা ও গাছ কাটা নিয়ে আবদুল মন্নান ও শাহাজানের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে জানিপাথর বাজারে একটি সালিশি বৈঠক হয়। সেখানে শাহাজান বিচারে হেরে যান। এতে ক্ষুব্ধ হয়ে বেলা দেড়টার দিকে শাহাজান ও তার বাবা সালেহ আহমদ দোকানের সামনে আবদুল মন্নানকে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করেন। এরপর তাকে মাটিতে ফেলে লাথি মারা হয়। স্থানীয় লোকজন মন্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের ভাই মোহাম্মদ লোকমান বলেন, ‘একটি ঝড়ে ভেঙে যাওয়া গাছ কেনা নিয়ে শাহাজানের সঙ্গে আমাদের বিরোধ হয়। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ালে স্থানীয় মুরুব্বিরা সালিশ করেন। সেখানে শাহাজান হেরে যায়। এর প্রতিশোধ নিতেই আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারধরে আহত এক ব্যক্তির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতি
রাউজানে সালিশে হেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেয়ার করুন







