আসন্ন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ১৬ জুলাই বিকেলে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বখতিয়ার আবিদ খান ‘Bangladesh Concert & Event Connects (BCEC)’ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়েছে।
আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে ‘Event Sajai ও Main Stage Inc’। কনসার্টের টিকিট বিক্রির জন্য ‘GetMyTicket.live’-এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছিল।
এ সময় আয়োজকদের নজরে আসে, BCEC ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সিআইডি জানায়, বিষয়টি নিয়ে গ্রুপের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখা এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকিও দেন। এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি BCEC ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম Ak Abid Khan। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত আছে।







