নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তার বড় ভাই নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলভদ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত সুরুজ মিয়াকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ৮-১০ জনের একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী মিলন মিয়ার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা তাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়।প্রায় ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ শনিবার (১৮ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ডাকাতির সময় বাধা দেওয়ায় খুনের ঘটনাটি ঘটেছে। আমরা বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তা বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করার প্রক্রিয়া চলছে।’\