আর্জেন্টিনার কাছে হারের পর সবচেয়ে আলোচনায় এসেছেন মিশরীয় কোচ হোসাম হাসানের আচরণের পুরনো ইতিহাস। অতীতে নানা অশোভনমূলক কর্মকান্ডে মাঠের বাইরে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে।
হোসাম পরিচালিত মিশর জাতীয় দল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে বিদায় নেওয়ার পর আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এই কোচ। ম্যাচ শেষে তার আগ্রাসী আচরণ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
খেলা শেষ হওয়ার পর হাসান রেফারি, আলোকচিত্রী এবং আয়োজকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। তিনি ম্যাচের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে ম্যাচটি ন্যায্যভাবে পরিচালিত হয়নি।
একপর্যায়ে মাঠে তার প্রতিক্রিয়ার ছবি তুলতে থাকা এক আলোকচিত্রীকে ধাওয়া দিয়ে আক্রমণেরও চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের দ্রুত হস্তক্ষেপ করতে হয়।
তবে এটি হোসাম হাসানের প্রথম বিতর্ক নয়। তার কোচিং ক্যারিয়ারজুড়েই শৃঙ্খলাভঙ্গ ও আগ্রাসী আচরণের একাধিক অভিযোগ রয়েছে।
মিশরীয় ফুটবলের শাস্তিমূলক নথি অনুযায়ী, আল-মাসরির কোচ থাকাকালে তিনি বারবার নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়েন। অভিযোগগুলোর মধ্যে ছিল ম্যাচ কর্মকর্তাদের অপমান, দর্শকদের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি এবং রেফারিদের সঙ্গে সংঘর্ষ।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০১৬ সালের জুলাইয়ে। আল-মাসরি ও ঘাজি এল-মাহালার ম্যাচ শেষে এক সংবাদ আলোকচিত্রীকে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং অস্থায়ীভাবে কারাগারেও পাঠানো হয়।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, হাসান মাঠজুড়ে ওই আলোকচিত্রীকে ধাওয়া করেন, মাথায় আঘাত করেন এবং তার ক্যামেরার সরঞ্জাম মাটিতে আছড়ে ভেঙে ফেলেন।
পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করায় মামলাটি বড় ধরনের দণ্ডে গড়ায়নি। আদালত হামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিলেও সম্পদের ক্ষয়ক্ষতির দায়ে ৫০০ মিশরীয় পাউন্ড জরিমানা করে। একই সঙ্গে স্থানীয় ফুটবল ফেডারেশন তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা দেয়।
খেলোয়াড়ি জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি হোসাম হাসানকে। জামালেক এসসির হয়ে লেবাননের আল-আনসারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি প্রতিপক্ষ দলের কোচিং স্টাফ ও রেফারিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে তাকে মাঠ থেকে সরিয়ে নিতে হয়েছিল।
এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে ডালাসে দলের হোটেলে নিজের সহকারী ও যমজ ভাই ইব্রাহিমকে নিয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে শারীরিক সংঘর্ষেও জড়ানোর অভিযোগ ওঠে।
সব মিলিয়ে, আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ থেকে বিদায়ের পর তার সাম্প্রতিক আচরণ হোসাম হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওঠা সহিংস ও অসংযত আচরণের অভিযোগগুলোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আরআর/আইএইচএস/








