সদ্যবিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পাশাপাশি রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে (২৯ জুন পর্যন্ত) চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ একক)। যা গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স।

এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৫১ টিইইউস। এতে বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরটিতে।

jagonews24পরিসংখ্যান গ্রাফ সূত্র: চট্টগ্রাম বন্দর

বন্দর সূত্র জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরে একই সময়ে বাল্ক কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন, গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। এক বছরে বাল্ক কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৭৩ লাখ ৪৮ হাজার ৪৩ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।

আরও পড়ুন

গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয়

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৩৩৬টি। আগের ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৭৭টি জাহাজ। এতে এক বছরের তুলনায় ২৫৯টি জাহাজ বেশি হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। জাহাজ হ্যান্ডলিংয়ে বছরের ব্যবধানে ৬ দশমিক ৩৫ প্রবৃদ্ধি হয়েছে।

আয়ের সূচকেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছিল ৫ হাজার ৩৬৬ কোটি ৪৯ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। তবে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। যা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন

এক জায়গায় সব সেবা দিতে চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব ব্যয় ২ হাজার ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি ৫৭ লাখ টাকা। এতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। এতে করে রাজস্ব উদ্বৃত্ত আগের অর্থবছরের চেয়ে বেড়ে ৪ হাজার ৩৫৫ কোটি ২১ লাখে দাঁড়িয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯৭৭ কোটি ৯২ লাখ টাকা।

jagonews24পরিসংখ্যান গ্রাফ সূত্র: চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, কনটেইনার, বাল্ক কার্গো ও ভ্যাসেল হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সরকার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা, অটোমেশন, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন, বন্দর ব্যবহারকারী, বন্দরের শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমএমকে