অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কর্ম দিবসের মধ্যে জবাবও দিতে বলা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের নির্দেশ প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন আজ রোববার এই নোটিশ দেন।
নোটিশ পাওয়া ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন–মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।
নোটিশে বলা হয়, রোববার দুপুর পৌনে ২টার দিকে অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ে বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন ওই চারজন। এ ছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলেও হুমকি দেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিস্তারিত বলতে রাজি হননি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নিতে হয়েছে।’
এ দিকে ফেসবুকে ভিডিও বার্তায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা বলেন, ২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনায় মামলা করতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে ওই সময় তিনি মামলাটি করেননি। পরে প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের নির্দেশে মামলাটি করেছিলাম আমি। সে কারণেই রুহুল কুদ্দুস কাজল আমার প্রতি ক্ষুব্ধ ছিলেন। রুহুল কুদ্দুস কাজল বেগম খালেদা জিয়ার মালায়ও যাননি।








