পটিয়ায় বাবাকে অপমান করায় প্রতিশোধ নিতে শিশু জায়হানকে (৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা। জবানবন্দিতে সে জানায়, তার বাবা সাইফুল ইসলামকে শিশু জায়হানের বাবা শাহজাহান অপমান করেছিলেন। সে ক্ষোভে শিশু জায়হানকে সে হত্যা করে। ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে তাকে হাজির করা হলে সে জবানবন্দি দেয়।

জানা যায়, ২৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরহাদ আসামিদের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহার ৩ দিন এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আক্তারকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার নিহাকে আদালতে নেওয়া হলে সে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

১৬ জুন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ায় খুন হয় শাহজাহানের শিশুসন্তান জায়হান। এ ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে স্থানীয় লোকজন থানা ঘেরাও করেন। ঘটনার একদিন পর নিহাসহ তার বাবা-মাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে জায়হানের পরিবার।