‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত এই বিনোদনকেন্দ্রকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

কনকর্ড গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার। এ সময় গ্রুপের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে অনুপ কুমার সরকার বলেন, এই স্বীকৃতি কনকর্ড গ্রুপ ও ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য সম্মানের। এটি দর্শনার্থীদের মানসম্মত বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এ স্বীকৃতির জন্য তিনি বাংলাদেশ পর্যটন বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনকর্ড গ্রুপ জানায়, ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের এই স্বীকৃতি দেশের পর্যটন ও বিনোদন খাতে প্রতিষ্ঠানটির অবদানকে তুলে ধরেছে। মানসম্মত পারিবারিক বিনোদন, আধুনিক রাইড, দর্শনার্থীদের উন্নত অভিজ্ঞতা দেওয়া এবং পর্যটনের প্রসারে ভূমিকার জন্য এ অর্জন এসেছে।

ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং (গো-কার্ট) এবং অবকাশযাপনের রিসোর্ট আটলান্টিস। পরিবার, পর্যটক ও করপোরেট প্রতিষ্ঠানের কাছে অবকাশ ও বিনোদনের জন্য এটি অন্যতম জনপ্রিয় গন্তব্য।