আসনসংখ্যা বাড়ানো হচ্ছে আর্জেন্টিনার স্টেডিয়ামে। দেশটির বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের হোম ভেন্যু লা বোমবোনেরার গ্যালারিতে দর্শকদের বসার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ক্লাবটির সাধারণ সম্পাদক রিকার্দো রোজিকা।

রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি জানান, সংস্কার শেষে স্টেডিয়ামে ৮০ হাজার দর্শক বসতে পারবেন।

লা বোমবোনেরায় বর্তমান ধারণক্ষমতা ৫৭ হাজার। সম্প্রসারণের পর ধারণক্ষমতা বাড়বে প্রায় ৪০ শতাংশ।

প্রকল্পের অংশ হিসেবে মাঠটি রেললাইনের দিকে প্রায় চার মিটার সরিয়ে নেওয়া হবে। এরপর দেল ভায়ে ইবারলুসিয়া স্ট্রিটের পাশের বক্স কাঠামো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সেখানে থাকবে নতুন গ্যালারি, ছয় স্তরের বক্স এবং দুই প্রান্তের ওপর আরও একটি অতিরিক্ত গ্যালারি স্তর।

নতুন স্টেডিয়াম নির্মাণ না করে এই স্টেডিয়ামের সংস্কার কাজের পক্ষ নিয়েও কথা বলেছেন তিনি। তার দাবি, নতুন স্টেডিয়াম নির্মাণের যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলোতে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার দর্শকের কথা বলা হলেও, সেগুলো বাস্তবসম্মত জায়গার ওপর ভিত্তি করে করা হয়নি।

বোকা জুনিয়র্স জানিয়েছে, ইতোমধ্যে এই পরিকল্পনার আওতায় ৯০টিরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। তবে বেশ কিছু কাজ এখনো চলমান। রোজিকা ভাষায়, ‘আমরা এখন শেষ ধাপে।’

আইএন