দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতে পারেনি মিরাজের ব্যাটের সেই আলো। প্রথম ইনিংসে ১০৯ রানের অপরাজিত সেঞ্চুরি করে বাংলাদেশকে ২৬৩ পর্যন্ত টেনে নেওয়া এই অলরাউন্ডার পরের ইনিংসে ফিরলেন মাত্র ৬ রানে। আর তাঁর বিদায়ের পর যেন দ্রুতই নিভে গেল বাংলাদেশের শেষ প্রতিরোধও। শেষ পর্যন্ত মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ।
ডারউইনের প্রস্তুতি ম্যাচের শেষ ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন ক্যামবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন এই পেসার। বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেটের আটটিই তাঁর শিকার।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না বাংলাদেশের। সাদমান ইসলাম ৬ ও মুমিনুল হক ৬ রানে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সৌম্য সরকার করেন ৫, মুশফিকুর রহিম ২। ৩৬ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে বাংলাদেশ।
এরপর তানজিদ হাসান ২২ রানে সামান্য প্রতিরোধ গড়লেও তাঁকে ফিরিয়ে আবারও আঘাত করেন থম্পসন। ৪৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর মিরাজও রকিচোলির বলে ৬ রান করে ফিরলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে ৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
অথচ ম্যাচের প্রথম ইনিংসে গল্পটা ছিল একেবারেই অন্যরকম। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারালেও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। শান্ত ৩৭, সাদমান ৩১ এবং মুমিনুল ১৬ রান করেন।
বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে নেন ৬ উইকেট।
জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ১ রানেই হারায় দুই উইকেট। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৫৫ রান করে তারা। টিগ উইলি খেলেন ১৭৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস। জ্যাক ডোরান করেন ৭৬, কার্টিস প্যাটারসন ৫৩ এবং জ্যাক ক্লেটন ৪৮ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ছিলেন সেরা। ৪২ রানে নেন ৪ উইকেট। তাসকিন ও মিরাজ নেন দুটি করে।
শেষ পর্যন্ত ৯২ রানের প্রথম ইনিংস লিডই হয়ে দাঁড়ায় ম্যাচের পার্থক্য। সেটি পুষিয়ে নেওয়ার বদলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় এক ধাক্কা নিয়েই প্রস্তুতি শেষ করল বাংলাদেশ।
সুদীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার আম্নত্রণ পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট থেকে।







