প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের ফলে কিছু যায় আসে না। কিন্তু মূল সিরিজ শুরুর আগে মনে বড় ধরনের ভয় তো ঢুকে পড়তেই পারে। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটারদের জন্য কত বড় পরীক্ষা যে অপেক্ষা করছে, সেটি আঁচ করা গেলো এই ম্যাচেই।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ম্যাচটা হেরেছে ইনিংস এবং ৩৮ রানের বড় ব্যবধানে।

ডারউইনে প্রথম ইনিংসে তবু প্রতিরোধ গড়তে পেরেছিল। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়েও এই রান পার করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামা টাইগাররা ২২ ওভারে অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে।

ওপেনার তানজিদ হাসান তামিমকে (৪১ বলে ২২) বাদ দিলে স্কোরকার্ডটা ফোনের ডিজিটের মতো দেখাবে। আর কোনো ব্যাটারই দুই অংক ছুঁতে পারেননি।

সাদমান ৬, মুমিনুল ৬, সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, অমিত হাসান ৪, নাজমুল হোসেন শান্ত ০, মেহেদী হাসান মিরাজ ৬-এই হলো বাংলাদেশের ব্যাটারদের অবস্থা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল থম্পসন ২৫ রানে একাই শিকার করেন বাংলাদেশের ৮ উইকেট!

এমএমআর