বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর উপর  হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের ভেতরে এবং ফটকের বাইরে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য এ সময় ওই শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। 

হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তাদের  অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামে ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দিচ্ছিল। এসব কারণেই তার সহপাঠীদের সঙ্গে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয় বলে তিনি দাবি করেন। 

বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি খুবই অন্যায় হয়েছে।   আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষার্থীদের প্রিন্সিপালের কাছে আমি অ্যাডমিট কার্ড পাঠিয়েছি। তারপরেও তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে আবারো সংঘর্ষে জড়িয়েছেন। আমরা বিষয়টি ডিসি ও এসপিকেও অবহিত করব যাতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।