সিরাজগঞ্জ কারাগারে থাকা বিস্ফোরক মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।
নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জেল সুপার জানান, মারামারি ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর গত ৫ জুলাই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।








