চট্টগ্রামের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা এবং এর আওতাধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)।

বন্যাদুর্গতদের মধ্যে বিতরণের জন্য আজ বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে এসব খাদ্যসামগ্রি তুলে দেওয়া হয়।

এ সময় কেজিডিসিএল কর্মকর্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে যৌথ অর্থায়নে এসব ত্রাণসামগ্রি বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রির প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু, লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যা প্রায় দুই হাজার বন্যাকবলিত পরিবারের মধ্যে বিতরণ করা যাবে।

কর্মকর্তা আরও বলেন, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহ বিশ্বাস করে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কেবল একটি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার নয়, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোর একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং কর্মচারী সংসদের (সিবিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে বন্যাদুর্গতদের জন্য ১২ জুলাই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

জানে আলম বলেন, ‘এটি কেবল আর্থিক সহযোগিতা নয়, এটি বন্যাকবলিত মানুষের প্রতি চট্টগ্রাম ওয়াসার সামাজিক ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন।’