বগুড়ায় টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনের ময়লা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়ায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার, জিলা স্কুলের সামনের সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভের দক্ষিণ পাশ এবং পৌর শহীদ খোকন পার্ক এলাকায় হাঁটুসমান পানি জমে আছে। ড্রেনের নোংরা পানি ও আবর্জনা সড়কে ভাসতে থাকায় পথচারী, শিক্ষার্থী ও অটোরিকশার যাত্রীদের চলাচলে ভোগান্তি হয়।

শহরের কাজী নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ড্রেনে জমে থাকা পলিথিন, প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য নিয়মিত অপসারণ না করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাঁদের দাবি, সিটি করপোরেশন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বললেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।

চকযাদু রোডের নতুন ঢালাই সড়কের শুরু ও শেষপ্রান্তের নিচু অংশে বৃষ্টির পানি জমে থাকায় ১ নম্বর রেলঘুমটি এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

টানা বৃষ্টির প্রভাব পড়েছে সরকারি আজিজুল হক কলেজেও। কলেজের বটতলা চত্বর, শহীদ মিনারের সামনে, ব্যবসায় অনুষদের মাঠ এবং নতুন ভবনের সামনের অংশ পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে।

কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বড় ড্রেনের ময়লা পানি উপচে ক্যাম্পাসে ঢুকে পড়েছে। ফলে নিজস্ব ব্যবস্থাপনায় পানি অপসারণে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে।

বগুড়া সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ, জামিলনগর তালতলা সড়ক, মালগ্রাম নামাপাড়া, তাপসী রাবেয়া স্কুল এলাকা, কৃষিফার্ম সড়ক, আনন্দ আশ্রম সড়ক, সেউজগাড়ী পালপাড়া, তালুকদারপাড়া ও সূত্রাপুর কসাইপাড়াসহ বিভিন্ন আবাসিক এলাকায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। শেরপুর সড়কের ইয়াকুবিয়া স্কুল মোড়, মফিজ পাগলার মোড়, জেলা জজের বাসভবনের সামনের সড়ক এবং পিটিআই স্কুলসংলগ্ন এলাকাও জলাবদ্ধ ছিল।

জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘দীর্ঘ ২০ থেকে ২৫ বছরের জমে থাকা জঞ্জাল পরিষ্কার করে ড্রেনগুলো সচল করার কাজ চলছে। এ ছাড়া বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মহানগরবাসী দ্রুত এর সুফল পাবেন।’

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, রাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।