বগুড়ার গাবতলীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাদ আসর গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ জানাজা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেলের তত্ত্বাবধানে আয়োজিত এ গায়েবানা জানাজায় ইমামতি করেন ওই মাদ্রাসার অন্ধ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
জানাজায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইয়াতিমখানার শিশু, অভিভাবক, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কল্যাণ এবং বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেল বলেছেন, “একজন প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে শোক প্রকাশ এবং তার জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনার উদ্দেশ্যেই এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।”








